রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে পড়ে ছিল নবজাতকের লাশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে পড়ে ছিল নবজাতকের লাশ

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায় সদর খাদ্য গুদামের সামনে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর থানা পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো সকালে এক কুড়ানি (টোকাই) ময়লার ভাগাড়ে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলতেই ভেতরে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নবজাতকের মরদেহটি প্রথম দেখতে পাওয়া ওই কুড়ানি বলেন, প্রতিদিনের মতো সকালে ময়লার ভাগাড়ে কুড়াতে এসেছিলাম। একটি প্লাস্টিকের ব্যাগ দেখে খুলতেই ভেতরে কাপড়ে মোড়ানো একটি শিশুর মরদেহ দেখতে পাই। প্রথমে ভয় পেয়ে যাই। পরে স্থানীয়দের জানাই। তারা এসে বিষয়টি দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা আতাহার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অনেক মানুষ একটি সন্তানের আশায় বছরের পর বছর অপেক্ষা করেন, অথচ কেউ একজন জন্ম নেওয়া একটি নবজাতককে এভাবে ময়লার ভাগাড়ে ফেলে গেছে। এমন নির্মমতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।