হাসপাতালে রফিকুল ইসলাম মিয়া, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
হাসপাতালে রফিকুল ইসলাম মিয়া, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে তার ব্যক্তিগত চিকিৎসক হাসপাতালে গিয়ে রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

সোমবার (২৯ জুন) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আনম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে বিএনপির এই প্রবীণ নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ডা. আনম মনোয়ারুল কাদির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন। তিনি প্রধানমন্ত্রীর শুভকামনার বার্তা অসুস্থ এ নেতার কাছে পৌঁছে দেন।

তিনি বলেন, দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্ব হিসেবে রফিকুল ইসলাম মিয়ার অসুস্থতার খবরে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার জন্য সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক রফিকুল ইসলাম মিয়ার পরিবারের সদস্যদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমদিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রাখা হলেও বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, ২০১৮ সাল থেকে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছেন। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরে তিনি শয্যাশায়ী। বর্তমানে তিনি চিকিৎসক ডা. জিয়াউল হকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলে তার পক্ষে আইনজীবী হিসেবে আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।