
২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি সরকারের নির্ধারিত হজ সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই যারা ২০২৭ সালের হজে অংশ নিতে আগ্রহী, তাদের দ্রুত প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে হবে। এ জন্য আগ্রহী হজযাত্রীদের সময়মতো নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ বাংলাদেশের ধর্মমন্ত্রীর হাতে ২০২৭ সালের হজের সময়সূচি তুলে দেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা কার্যক্রম শুরু হবে।
হজযাত্রীদের সৌদি আরব গমনের জন্য ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের মক্কায় সমবেত হন। বাংলাদেশ থেকেও বিপুলসংখ্যক মুসল্লি হজ পালনে অংশ নেন। হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিবছর সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে থাকে।
আপনার মতামত লিখুন :