পীরগঞ্জে বরখাস্ত ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন


রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আব্দুল্লাহীল কাফী প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
পীরগঞ্জে বরখাস্ত ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

রংপুরের পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান সেলিমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়েছেন। তারা সেলিমকে স্থায়ীভাবে অপসারণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বরাদ্দকৃত অর্থ বিভিন্ন অনিয়মের মাধ্যমে আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রশাসন ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে তাকে বরখাস্ত করে এবং পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। তাদের দাবি, ভবিষ্যতে যেন তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্বে ফিরতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে ছোট রসুলপুর গ্রামের আব্দুল জলিল অভিযোগ করেন, সেলিম চেয়ারম্যান নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করতেন।

বক্তারা আরও দাবি করেন, ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়ে অনিয়ম ও প্রভাব বিস্তারের মাধ্যমে নির্বাচিত হন। তবে এ অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে বড় আলমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।