মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড 

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকারী বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। অভিযোগগুলোর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিষয় অন্তর্ভুক্ত ছিল।

এর আগে প্রসিকিউশনের তদন্ত দল হাসানুল হক ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্ত শেষে একই বছরের ১১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করা হয়। পরে ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।

অভিযোগের ওপর শুনানি শেষে গত বছরের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরপর দীর্ঘ শুনানি ও বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অভিযোগ, তদন্ত প্রতিবেদন ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে সিদ্ধান্ত দেন। এ মামলার রায়কে ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।