টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে গোল করে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়েও কোনো দল ব্যবধান গড়তে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় মন্টেরির স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। মরক্কো তুলনামূলক বেশি সুযোগ সৃষ্টি করলেও ইসমাইল সাইবারি সহজ একটি সুযোগ কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। পাল্টা আক্রমণে সামারভিলের পাস থেকে গাকপো গোল করে দলকে এগিয়ে দেন।

ম্যাচ যখন নেদারল্যান্ডসের দিকেই ঝুঁকে ছিল, তখন যোগ করা সময়ের ৯১তম মিনিটে বদলি খেলোয়াড় তালবির বাড়ানো ক্রসে ঈসা দিওপ হেডে গোল করে মরক্কোকে ১-১ সমতায় ফেরান।

অতিরিক্ত সময়েও উভয় দল সুযোগ তৈরি করলেও গোল হয়নি। সপ্তম মিনিটে সুফিয়ান রাহিমির নিশ্চিত গোলের সুযোগ দুর্দান্তভাবে রুখে দেন নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভেরব্রুগেন। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে প্রথমে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। তবে নেইল এল আইনানুইয়ের মিসের পর জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার ও সামারভিলের ব্যর্থতায় ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ডাচরা। মরক্কোর হয়ে সুফিয়ান রাহিমি, তালবি ও শেষ শটে ইসমাইল সাইবারি সফল হন। যদিও আশরাফ হাকিমি একটি শট মিস করেছিলেন।

শেষ পর্যন্ত গোলরক্ষক ইয়াসিন বুনোর গুরুত্বপূর্ণ সেভ এবং সাইবারির সফল স্পট কিকে ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে টানা দ্বিতীয় বিশ্বকাপে নকআউট পর্বে নিজেদের শক্ত অবস্থান জানান দিল মরক্কো। আগের আসরের সেমিফাইনালিস্টরা এবারও জায়গা করে নিল শেষ ষোলোয়।