সাতকানিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ


চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
সাতকানিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, উচ্চফলনশীল বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়।

সোমবার (২৯ জুন) সাতকানিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি অনুসরণ করে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রণোদনা কৃষকদের কৃষিকাজে আরও আগ্রহী করে তুলবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আহমেদ, সাধারণ সম্পাদক আহমদ সফি, যুগ্ম সম্পাদক মোরশেদুল আলম, উপজেলা কৃষক দলের নেতা আব্দুর রহিম, সৈয়দ মোস্তাফিজুর রহমান, জিয়াউর রহমান, কাঞ্চনা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ স্থানীয় কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত কৃষকদের মাঝে এই প্রণোদনার আওতায় উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে, যা রবি মৌসুমে ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে।