বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত দুধকুমারের পানি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত দুধকুমারের পানি

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে তিস্তা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে দুধকুমার নদের পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। পানিতে তলিয়ে গেছে আমনের বীজতলা, বিভিন্ন সবজিক্ষেত, বাদাম ও পাটক্ষেত।

স্থানীয় বাসিন্দারা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। পাশাপাশি কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানান, উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার সব নদ-নদীর পানি আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়তে পারে। এতে জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিয়মিত নজরদারি করা হচ্ছে।