বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কের সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। এ ঘটনায় সাব্বির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে সৌরভ ও নাঈম মোটরসাইকেলে করে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন। পথে সাতগাঁও চা কন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় সাব্বির আহমেদ নামে আরও একজন আহত হন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে যান।

শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।