দেশের ১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১:২১ অপরাহ্ণ
দেশের ১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের ১২ জেলার ওপর দিয়ে সোমবার (২৯ জুন) সন্ধ্যার মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই ঝোড়ো বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।