
ফরিদপুরের সদরপুর উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থান থেকে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেল ও সন্ধ্যায় উপজেলার পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকার ওবায়দুল মুন্সীর স্ত্রী লিপি আক্তার (৪২) এবং ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের বুলু মুন্সীর কন্যা নাছরীন আক্তার (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিপি আক্তার দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তিনি মানসিক অবসাদেও ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, নাছরীন আক্তার ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার বিকেলে তিনি খাবার না খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে ছিলেন। পরে তার মা নাজমা বেগম ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।
ঘরের ভেতরে নাছরীনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, পৃথক দুটি স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :