স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে। এতে সংশোধিত পরীক্ষার সূচি ঘোষণা করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই, বুধবার শুরু হবে এবং ১৬ জুলাই, বৃহস্পতিবার শেষ হবে।

মাউশির নির্দেশনায় সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের সংশোধিত সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নতুন সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত পরীক্ষার সূচি সম্পর্কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

সংশোধিত এ সিদ্ধান্তের ফলে পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য অতিরিক্ত কয়েক দিন সময় পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।