
লোভের অন্ধকারে যেখানে অনেকেই পথ হারায়, সেখানে সততার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করলেন লালমনিরহাটের ট্যাক্সিচালক মনিরুল ইসলাম জীবন। ইংল্যান্ড প্রবাসী এক হাজীর ফেলে যাওয়া প্রায় ৯০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৯ হাজার টাকা) তিনি অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। প্রবাসী ওই যাত্রী সৌদি আরবে অবস্থানকালে ট্যাক্সিচালক জীবনের গাড়িতে ভ্রমণ করেন। গন্তব্যে পৌঁছে দ্রুত নেমে যাওয়ার সময় তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি গাড়িতেই ফেলে যান।
পরে গাড়ি পরিষ্কার করার সময় ব্যাগটি দেখতে পান চালক জীবন। কোনো ধরনের প্রলোভনে না পড়ে তিনি সঙ্গে সঙ্গেই প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন এবং পরে পুরো অর্থসহ ব্যাগটি ফেরত দেন।
ট্যাক্সিচালক মনিরুল ইসলাম জীবন জানান, ব্যাগটি পাওয়ার পর তিনি এক মুহূর্তের জন্যও লোভে পড়েননি। তার ভাষায়, “তিনি একজন হাজী সাহেব। এটা তার আমানত। তাই আমি দায়িত্ববোধ থেকে সেটি তার কাছেই ফিরিয়ে দিয়েছি। টাকাটা ফেরত দিতে পেরে আমি মানসিকভাবে সন্তুষ্ট।”
ঘটনার পর প্রবাসী যাত্রী তার সততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন। স্থানীয়রাও জীবনের এই কাজকে প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে এমন সততার দৃষ্টান্ত সমাজের জন্য অনুপ্রেরণা।
এই ঘটনা আবারও প্রমাণ করেছে, পেশা বা অবস্থান যাই হোক না কেন, সততা এখনো মানুষের সবচেয়ে বড় পরিচয়।
আপনার মতামত লিখুন :