প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিংয়ে চলমান রাষ্ট্রীয় সফরে প্রতিনিধিদলের সদস্য হিসেবে যোগ দিতে আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের সরকারি সফরে অংশ নিতে তথ্যমন্ত্রী আজ রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন।

সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশ নেবেন।

এ সফরের একটি গুরুত্বপূর্ণ দিক হলো গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর। চীনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

সফরকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন চীনের আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপ এবং দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার সঙ্গে সহযোগিতা জোরদারের লক্ষ্যে কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। চীনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এ রাষ্ট্রীয় সফরে ইতোমধ্যে বেইজিংয়ে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের কয়েকজন প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তা। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে।