জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের উদ্যোগে সংবাদ সম্মেলন


আব্দুর রশিদ সাতক্ষীরা। প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের উদ্যোগে সংবাদ সম্মেলন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ২ লাখ ৫৩ হাজার ৭২৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাতক্ষীরা সিভিল সার্জন অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় সাতক্ষীরা জেলার ১ হাজার ৯৩৮টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের এবং নির্ধারিত বয়সসীমার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

তিনি বলেন, শিশুদের সুস্থ বৃদ্ধি, দৃষ্টিশক্তি রক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ডা. ইসমত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নির্ধারিত দিনে অভিভাবকদের নিজ নিজ শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।