
নেত্রকোনার কলমাকান্দা বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত এবং বাজারকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত বাইপাস সড়ক বাস্তবায়িত হলে এটি কলমাকান্দার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কলমাকান্দার উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ থাকার সুযোগ নেই। দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এমন একটি উন্নত কলমাকান্দা গড়ে যেতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে স্মরণ করবে।”
তিনি বলেন, কলমাকান্দা বাজারকে ঘিরে পরিকল্পিত বাইপাস সড়ক ও মহাসড়ক নির্মাণ করা গেলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এতে বাজারের ওপর যানবাহনের চাপ কমবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং জমির মূল্য বৃদ্ধি পাবে। ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
ডেপুটি স্পিকার আরও বলেন, “কলমাকান্দাকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। ভবিষ্যতে পৌরসভা প্রতিষ্ঠা করা গেলে ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সুবিধা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।”
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা ও ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও মানবিক কলমাকান্দা গড়ে তুলতে স্পোর্টস স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।
উন্নয়ন প্রকল্পের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে গুণগত মান বজায় রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম যৌথভাবে সঞ্চালনা করেন।
সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির সমন্বয়ক আহমেদ শফি, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, পুরোহিত, ফাদার এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবিত বাইপাস সড়কের সম্ভাব্য এলাকা এবং কলমাকান্দা বাজার সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের আশা, দ্রুত এ প্রকল্প বাস্তবায়িত হলে যানজট নিরসনের পাশাপাশি কলমাকান্দার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।
আপনার মতামত লিখুন :