কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


​ চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো প্রচেষ্টার প্রতিবাদ জানান। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পরে শহরের একটি স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষের ওপর অন্যায়-অত্যাচার করা হয়েছে। জনগণ অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

সমাবেশ থেকে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানান বক্তারা।