মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত


(প্রণব কুমার সাহা) মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) দিনগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক আবুল হোসেন মন্ডল (৪৫) নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন বুড়ামারি বর্ডার এলাকা থেকে ট্রাকে বাঁশবোঝাই করে বরগুনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে রাজৈর উপজেলার টেকেরহাট সেতুর ঢালে পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক আবুল হোসেন। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ট্রাকটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়।

মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২২ জুন) সকালে নিহত চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।