
মাদকবিরোধী অভিযানে সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছে তালা উপজেলার ৪ নম্বর কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা।
গত রবিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ৪ নম্বর কুমিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মজিবর রহমান, মফিদুল ইসলাম, মিঠুন ইসলামসহ অন্যান্য সদস্যরা।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম বলেন, সরকারের মাদকবিরোধী অবস্থানের সঙ্গে সমন্বয় রেখে তারা ইউনিয়ন পর্যায়ে কঠোর জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে চান। তিনি আরও ঘোষণা দেন, মাদক সেবনকারীদের ধরিয়ে দিলে ২ হাজার টাকা এবং মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
ইউপি সদস্য মিঠুন ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে মাদক ও জুয়া বন্ধে তারা প্রতি ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন এবং মাদক কারবারি ও জুয়াড়িদের সতর্ক করছেন।
অন্যদিকে ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, সরকারের মাদক ও জুয়া বিরোধী অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন। ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম পুলিশের সহযোগিতায় প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এরপরও কেউ মাদক ব্যবসা বা অনলাইন জুয়া থেকে বিরত না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :