শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে ৪৫ লাখ টাকার প্রকল্প

পরাজিত হয়েও প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগী আব্দুর রউফ


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
পরাজিত হয়েও প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগী আব্দুর রউফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ পরাজিত হলেও জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারের বিষয়টি তিনি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং সাতক্ষীরার সার্বিক উন্নয়ন পরিকল্পনার আওতায় ব্রিজটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভূমিকা রাখেন।

জানা যায়, প্রথম পর্যায়ে ব্রিজ সংস্কারের জন্য ৬ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে সেটি দিয়ে পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব না হওয়ায় পরবর্তীতে ২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প থেকে অতিরিক্ত ৪৫ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে শাখরা-কোমরপুর ব্রিজ এলাকা পরিদর্শনে গিয়ে আব্দুর রউফ বলেন, তিনি নির্বাচনে পরাজিত হলেও জনগণের পাশে ছিলেন এবং থাকবেন। তিনি আরও বলেন, জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই তার মূল অঙ্গীকার।

এ সময় তিনি দাবি করেন, দলের পক্ষ থেকে তাকে সাতক্ষীরা উন্নয়নে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি সাতক্ষীরার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখবেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ব্রিজ সংস্কারের উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মিলনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।