
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা এর কৃষ্ণমাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী ও আনসার বাহিনী।
অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী–এর সদস্যরা। যৌথ এই অভিযানে প্রায় ৬০০ পিস সেগুন কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকারও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, ওয়ারেন্ট অফিসার মো. শহীদুল্লাহর নেতৃত্বে ১৩ জন সেনা সদস্য এবং ৪ জন আনসার সদস্যের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। নানিয়ারচর উপজেলার কাঠ ব্যবসায়ী সালাম মেম্বারের কাঠ রাখার ঘর থেকে এসব অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে চোরাই কাঠ ব্যবসার সঙ্গে জড়িত।
উদ্ধারকৃত কাঠ বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
অভিযানকালে আনসার বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্তৃপক্ষের মতে, এ ধরনের সফল অভিযান অবৈধ কাঠ পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করবে।
আপনার মতামত লিখুন :