কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২২ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ এ দিনকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে ২০০টিরও বেশি কৌশলগত পয়েন্টে বিশেষ পুলিশ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। একই সঙ্গে নগরীর সব প্রবেশপথে তল্লাশি ও নজরদারি জোরদার করা হবে, যাতে কোনো সন্দেহভাজন ব্যক্তি ঢাকায় প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

নিরাপত্তা কার্যক্রমে ডিএমপির নিয়মিত বাহিনীর পাশাপাশি বিশেষায়িত ইউনিটও মাঠে থাকবে। এর মধ্যে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও আইএডি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাবে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে এবং ঢাকার চারটি কন্ট্রোলরুমে পর্যাপ্ত রিজার্ভ ফোর্স অবস্থান করবে।

ডিএমপি জানায়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পুরো কার্যক্রম মাঠপর্যায়ে তদারকি করবেন ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।