
রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে আগামী ৩০ জুন পর্যন্ত এসব এলাকায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী সক্রিয় থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সেনা মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। তবে সরকার সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে। বিরোধী দলের সভা-সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার এবং এর মাধ্যমে গণতন্ত্র বিকশিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে। তারা শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ দিন এসব এলাকায় সেনাবাহিনী মাঠে থেকে দায়িত্ব পালন করবে।
আপনার মতামত লিখুন :