মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ান শহরের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, দালিয়ানে দুই দিনব্যাপী ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল কার্যক্রম শুরু হবে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায় কমপ্লেক্সে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকাও উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের চার মাসের মাথায় এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মালয়েশিয়া এবং পরে চীন সফর করছেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, ২৩ ও ২৪ জুন দালিয়ানে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ‘সামার দাভোস’ নামে পরিচিত এই সম্মেলনে বিশ্বজুড়ে সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি বিশেষজ্ঞরা বৈশ্বিক অর্থনীতি ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। একই দিন তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন। ২৪ জুন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী ট্রেনে করে বেইজিংয়ে যাবেন। সেখানে রাষ্ট্রীয় অতিথি ভবন ডায়াওইউতাই গেস্ট হাউজে অবস্থান করবেন তিনি।

চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির বিভিন্ন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া ২৬ জুন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। একই দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। সফর শেষে ২৬ জুন বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে একই দিন সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।