ভৈরবে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক অডিট কর্মকর্তা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
ভৈরবে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক অডিট কর্মকর্তা

কিশোরগঞ্জের Bhairab উপজেলায় ঘুষ গ্রহণের সময় হিসাবরক্ষণ অফিসের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অডিট কর্মকর্তা হৃদয় মিয়া হাতেনাতে আটক হয়েছেন।

রোববার (২১ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উন্নয়নমূলক প্রকল্পের অর্থ ছাড়ের প্রক্রিয়ায় ঘুষ লেনদেনের সময় তাকে আটক করেন ডিজিএফআইয়ের কর্মকর্তা আব্দুস সালাম। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গজারিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের ফাইল অনুমোদনের জন্য ৭ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

অভিযুক্ত অডিট কর্মকর্তা হৃদয় মিয়া দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ইউপি সচিব প্রদীপ চন্দ্র দাস অফিসে প্রবেশের সময় হ্যান্ডশেকের মাধ্যমে তার হাতে টাকা দেন এবং পরে সেটিকে ঘুষ হিসেবে উপস্থাপন করা হয়।

অন্যদিকে ইউপি সচিব প্রদীপ চন্দ্র দাস অভিযোগ অস্বীকার করে বলেন, অডিট কর্মকর্তা হৃদয় মিয়া ২১টি ফাইলের বিপরীতে ২১ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন, যার অংশ হিসেবে ৭ হাজার টাকা প্রদান করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই উপজেলা হিসাবরক্ষণ অফিসের বিরুদ্ধে ফাইল সইয়ের বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সোহেল মিয়া বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।