চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু

রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে গুরুতর আহত তরুণ সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। তিনি জানান, রাফির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের চাচা মো. নুর হোসেন চৌধুরী জানান, গত ১০ জুন গুরুতর আহত অবস্থায় রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ভর্তি করা হয়। এর আগে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে চলাচলের সময় এক তরুণ রাফিকে লক্ষ্য করে একটি ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এবং ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রাফির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।