আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় বিশেষ সতর্ক পুলিশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় বিশেষ সতর্ক পুলিশ

নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৩ জুনকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, দিনটিকে ঘিরে রাজধানীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ পিকেটিং এবং চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। পাশাপাশি মহানগরের সব প্রবেশপথে কঠোর তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজর রাখা হবে।

নিরাপত্তা কার্যক্রমে পুলিশের নিয়মিত ইউনিটের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলোও সক্রিয় থাকবে। গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পরিচালনা করবে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি)।

যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে ঢাকার চারটি প্রধান কন্ট্রোল রুমে অতিরিক্ত পুলিশ সদস্য ও রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই থাকবে।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ওইদিন ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে উচ্চপদস্থ কর্মকর্তারাও মাঠে থাকবেন।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলতি মাসজুড়ে বিশেষ অভিযানও পরিচালনা করছে ডিএমপি। গত ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ১ হাজার ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে।

ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এজন্য গোটা নগরীকে নিরাপত্তা বলয়ের আওতায় এনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।