
লাইসেন্স ছাড়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে Mymensingh নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত এ অভিযানে “মেরিন স্পেশালাইজড হাসপাতাল” এবং “আস সিফা ডায়াগনোস্টিক” নামে দুটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।
অভিযানকালে উপস্থিত ছিলেন মোবাইল কোর্টের প্রসিকিউটর ও স্যানিটারি ইন্সপেক্টর মো. জাবেদ ইকবাল, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :