দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা

দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে আগামী তিন দিনে দেশের ৬ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে কয়েকটি জেলার নদ-নদীর পানি সতর্কসীমায় বা বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (২২ জুন) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী এবং রংপুর, সিলেট ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী তিন দিনও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচ দিন এসব নদীর পানি বাড়তে পারে। তবে বর্তমানে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিনে বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পাশাপাশি নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী দুই দিন এসব নদীর পানি বাড়তে পারে। ফলে ৭২ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার কিছু নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুলাই ও কংস নদীর পানিও বাড়ছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে। এতে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নদীসংলগ্ন কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে সিলেট বিভাগের সারিগোয়াইন, মনু ও যাদুকাটা নদীর পানি কমলেও খলাই ও খোয়াই নদীর পানি বাড়ছে। চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েক দিনে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।