দিনাজপুরে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
দিনাজপুরে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার

দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় একটি নম্বরবিহীন চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গত রোববার কোতয়ালী থানাধীন উথরাইল ইউনিয়নের মালিগ্রাম বাজারে এসএম মোটরস শোরুমের সামনে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. শাকিল বাবু (২০), তিনি ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. জেদান আল মুসার দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মাদ আলমগীরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দলটি অভিযান চালায় এবং একটি লাল রঙের নম্বরবিহীন হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মোটরসাইকেলটি চুরির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরচক্র দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।