
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর।
রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৯টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মানসূচক গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
কুয়ালালামপুর বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। এ সময় বিশেষ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকেও। ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানায়।
এর আগে রোববার বিকেল পৌনে ৩টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সরকারের আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরাও সফর দলে অন্তর্ভুক্ত রয়েছেন।
সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তারেক রহমান। দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনীতি, বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন। সেখানে দুই দেশের সম্পর্ক ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :