পজিটিভ সরাইল সংগঠনের উদ্যোগে গুণীজনদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান


সরাইল ক্রাইম রিপোর্টার, ফয়জুল কবির প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১:২২ অপরাহ্ণ
পজিটিভ সরাইল সংগঠনের উদ্যোগে গুণীজনদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

সরাইল উপজেলার সামাজিক ও মানবিক অলাভজনক সংগঠন “পজিটিভ সরাইল”-এর উদ্যোগে গুণীজনদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২০ জুন) রাত ৯টায় কুট্টাপাড়া ফুচকা হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফজুল বারী ফয়েজ এবং সঞ্চালনা করেন সাংবাদিক জহিরুল ইসলাম রিপন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কারী জামাল উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, বিশিষ্ট সাংবাদিক বদর উদ্দিন বদু, তপজিত দত্ত বাপু এবং সুদীপ দত্ত তনুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুব খান বাবুল, মোঃ আব্দুল করিম, মোঃ ফয়জুল কবির, মোঃ আব্দুল মমিন, সদর চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, আইয়ুব খান মাস্টার, মোঃ ফজল মিয়া এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “পজিটিভ সরাইল” একটি অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। তারা সমাজে মাদক ও দাঙ্গামুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান এবং সামাজিক উন্নয়ন, শিক্ষা, সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা গুণীজনদের সম্মান জানানোর এ উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে অতিথিদের মাঝে গেঞ্জি ও চাবির রিং উপহার দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের গুণী ও কৃতী ব্যক্তিদের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।