ইলিয়াস আলী গুম হন যেভাবে, জানা গেল সাক্ষীর বর্ণনায় 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
ইলিয়াস আলী গুম হন যেভাবে, জানা গেল সাক্ষীর বর্ণনায় 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে পঞ্চম সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাসদস্য ইমরুল কায়েস। তার জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনাও উঠে এসেছে।

রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন বেঞ্চে তিনি এ জবানবন্দি দেন।

জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন, ২০১২ সালের ১৩ এপ্রিলের দিকে র‌্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল আহসান, মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফসহ তারা মহাখালী ফ্লাইওভারের কাছে যান। সেখানে কাকে গাড়িতে তোলা হবে, সে বিষয়ে তিনি জানতেন না। ওই সময় জিয়াউল আহসান বিভিন্ন জায়গায় ফোন করে ‘টার্গেট’ কখন আসবে তা জানতে চাইছিলেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, পরে জানা যায় নির্ধারিত ব্যক্তি আসবেন না। এরপর জিয়াউল আহসানকে বাসায় নামিয়ে দিয়ে তিনি পরদিন ৯ দিনের ছুটিতে চলে যান। ছুটি শেষে কর্মস্থলে ফিরে তিনি র‌্যাব সদর দপ্তরে অস্বাভাবিক পরিবেশ দেখতে পান। ইমরুল কায়েসের ভাষ্য অনুযায়ী, কর্মস্থলে ফিরে তিনি অন্য সদস্যদের কাছ থেকে জানতে পারেন, কোতের অস্ত্রের ইন-আউট রেজিস্টার এবং সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে।

জবানবন্দিতে তিনি আরও বলেন, একদিন জিয়াউল আহসানকে ফোনে কারও সঙ্গে কথা বলতে শুনেছিলেন। এ সময় আরেকটি ফোন এলে তিনি বলেন, ‘তারেক স্যার ফোন দিয়েছেন’। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে কথা বলেন বলে সাক্ষ্যে উল্লেখ করেন।

ইমরুল কায়েস দাবি করেন, ওই কথোপকথনে জিয়াউল আহসান অভিযোগের সুরে বলেছিলেন— ‘আপনাদের কথা মতো ইলিয়াসকে গলফ করলাম, এখন আপনারা এমন করলে হবে?’

উল্লেখ্য, বিএনপি নেতা ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন। এ মামলায় বর্তমানে একমাত্র আসামি হিসেবে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান বিচারাধীন রয়েছেন। তিনি এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।