স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার

দেশের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী এক বছরের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। পাশাপাশি তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্র ও উপজেলা হাসপাতালগুলোতে অন্তঃসত্ত্বা মায়েদের উন্নত সেবা নিশ্চিত করতে আগামী তিন বছরের মধ্যে ধাত্রীবিদ্যায় দক্ষ আরও ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়া হবে।

রোববার (২১ জুন) পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

তিনি জানান, বিপুলসংখ্যক মিডওয়াইফ নিয়োগের আগে মাঠপর্যায়ে সেবার মান উন্নত করতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ জন্য প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনার কথা তুলে ধরে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, সারা দেশে ইউনিয়ন পর্যায়ে একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এর মাধ্যমে মানুষের কাছে আরও সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি জানান, নতুন এই ব্যবস্থার আওতায় বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলো এবং সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা সরাসরি মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার কার্যক্রম আরও জোরদার করবেন।

তবে দেশের কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না বলে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি বলেন, “কমিউনিটি ক্লিনিকগুলো যেভাবে আছে, সেভাবেই সচল থাকবে। তবে মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে এবং চিকিৎসা সুবিধা বাড়াতে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক কাজ করবে।”

স্বাস্থ্য খাতের জনবল বাড়ানোর এই উদ্যোগের মাধ্যমে দেশের গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করছে সরকার। বিশেষ করে মাতৃস্বাস্থ্য সেবায় দক্ষ জনবল বাড়ানোর ফলে অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।