
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. সারওয়ার আলম এর আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে আলোচনায় আসেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন।
ভেজাল পণ্য, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানের কারণে তিনি ব্যাপক প্রশংসা পান। বিভিন্ন সময় তার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলে।
২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরে তিনবার পদোন্নতি বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি।
এর আগে পদোন্নতি না পাওয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সারওয়ার আলম। ওই স্ট্যাটাস দেওয়ার বিষয়টি অসদাচরণ হিসেবে বিবেচনা করে তৎকালীন সরকার তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’ শাস্তি দেয়। ২০২২ সালের মে মাসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে প্রত্যাহারের পর নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়ে পরবর্তী সময়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :