সাড়ে ৪ লাখের বেশি শূন্য পদে নিয়োগ দেবে সরকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
সাড়ে ৪ লাখের বেশি শূন্য পদে নিয়োগ দেবে সরকার

দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সরকারের বিপুলসংখ্যক শূন্য পদ পূরণে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি অফিসগুলোতে বর্তমানে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বিভিন্ন পদ খালি রয়েছে। এর মধ্যে ১ম থেকে ৯ম গ্রেডভুক্ত প্রথম শ্রেণির পদ শূন্য রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি।

১০ম থেকে ১২তম গ্রেডভুক্ত দ্বিতীয় শ্রেণির পদ খালি রয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। ১৩তম থেকে ১৬তম গ্রেডভুক্ত তৃতীয় শ্রেণিতে সবচেয়ে বেশি ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ শূন্য রয়েছে। এছাড়া ১৭তম থেকে ২০তম গ্রেডভুক্ত চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি।

এর বাইরে অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে। আব্দুল বারী জানান, এসব শূন্য পদ পূরণে সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আগামী এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’-এর লক্ষ্য সামনে রেখে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, নিয়োগ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।