
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। তবে তৃতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে সেলেসাওরা। চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের উইঙ্গার রাফিনিয়া।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিতব্য ম্যাচে রাফিনিয়া দলে থাকছেন না। হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুর পেছনে ব্যথা অনুভব করে তিনি মাঠ ছাড়েন, এরপর থেকেই তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়।
পরবর্তীতে শনিবারের পরীক্ষায় তার ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়ে বলে জানায় সিবিএফ। বর্তমানে তিনি জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন।
তবে ব্রাজিল শিবিরের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, রাফিনিয়াকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড নিবন্ধনের পর খেলোয়াড় পরিবর্তনের সুযোগ না থাকায় তাকে রেখেই নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা করছে দলটি।
এদিকে, নেইমারের জন্য এসেছে ইতিবাচক খবর। স্কটল্যান্ড ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি এবং ম্যাচে খেলার জন্য প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরের পর এটি হতে পারে ব্রাজিল জার্সিতে তার প্রথম মাঠে নামা।
আপনার মতামত লিখুন :