
গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ৩০০টি দোহার (নিষিদ্ধ মাছ ধরার উপকরণ) জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে মাগুরা জেলা থেকে মুকসুদপুরে আনা এসব দোহার মুকসুদপুর থানার সামনে থেকে জব্দ করা হয়। পরে জব্দকৃত উপকরণগুলো মুকসুদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুর রহমানের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় জব্দকৃত অবৈধ দোহারগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ধ্বংস করা ৩০০টি দোহার বাজারমূল্য আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা।
জানা গেছে, এসব নিষিদ্ধ উপকরণের মালিক মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মুসা নামে এক ব্যক্তি। তবে অভিযানের সময় তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মালামাল পরিবহনের সঙ্গে জড়িত ভ্যানচালক আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
মৎস্য বিভাগ জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :