বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

বেফাঁস মন্তব্যের জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খান।

আদেশে বলা হয়েছে, আগামী ২১ জুন বর্তমান কর্মস্থল থেকে পুলিশ সদরদপ্তরে যোগদানের জন্য তাকে রিপোর্ট করতে হবে। জানা গেছে, গত ১৭ জুন খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা এলাকায় আয়োজিত এক সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।

ওই অনুষ্ঠানে তিনি অপরাধীদের বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষকে উৎসাহিত করেন এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেন। তবে বক্তব্যের একপর্যায়ে তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তিনি বলেন, কোনো অপরাধের তথ্য দেওয়ার পর তা যদি কোনো পুলিশ সদস্যের মাধ্যমে ফাঁস হয়, তাহলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি মন্তব্য করেন, “আমি নিজে ওই পুলিশ সদস্যকে গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজেরা পিটিয়ে মারবেন।”

তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আসার পর তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সদরদপ্তরের আদেশ অনুযায়ী, এখন থেকে তিনি পুলিশ সদরদপ্তরে সংযুক্ত থেকে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।