তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ

রোববার (২১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, একটি বেসরকারি ব্যাংকে থাকা তৃণমূল কংগ্রেসের তিনটি হিসাবের ওপর ‘ডেবিট ফ্রিজ’ আরোপ করা হয়েছে। ফলে এসব হিসাব থেকে অর্থ উত্তোলন বা অন্যত্র স্থানান্তর করা যাবে না। তবে নতুন অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

জানা গেছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুসারী ১০ জন বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। তারা হিসাবগুলোতে জমা হওয়া অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে এফআইআর দায়ের এবং বিস্তারিত তদন্তের দাবি জানান।

অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট হিসাবগুলোতে থাকা অর্থ বৈধ নাকি অবৈধ উৎস থেকে এসেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কথিত ‘কাট-মানি’ আদায়, সরকারি অর্থ আত্মসাৎ কিংবা বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ এসব হিসাবে জমা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। অভিযোগে আরও বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটানো, অনিয়ম ও সন্দেহজনক আর্থিক লেনদেনের মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে জমা করা হয়ে থাকতে পারে। এদিকে তৃণমূলের এক জ্যেষ্ঠ বিধায়ক জানিয়েছেন, পুলিশি পদক্ষেপের বিষয়ে তারা অবগত রয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নোটিশ এখনো পাননি।

ঘটনার কয়েকদিন আগে তৃণমূলের জ্যেষ্ঠ নেতা অরূপ বিশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে হিসাবগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং নেতৃত্বসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের লেনদেন স্থগিত রাখার অনুরোধ জানান। তার দাবি ছিল, ৫০০ কোটির বেশি রুপির দলীয় আমানত নিয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

তবে তৃণমূলের আরেক নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, অরূপ বিশ্বাস বর্তমানে দলের কোষাধ্যক্ষ নন এবং আর্থিক বিষয়ে দলের পক্ষে বক্তব্য দেওয়ার এখতিয়ারও তার নেই। তিনি জানান, গত ৫ জুন দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভাশিস চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘটনার ফলে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধ ও আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।