ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলিরা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলিরা

ইরানের সঙ্গে সামরিক সংঘাত এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির ফলাফলকে নেতিবাচকভাবে দেখছেন অধিকাংশ ইসরায়েলি। দেশটিতে চালানো এক সাম্প্রতিক জনমত জরিপে অংশ নেওয়া ৯২ দশমিক ১ শতাংশ মানুষ মনে করছেন, এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানই জয়ী হয়েছে।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে হিব্রু ইউনিভার্সিটির সহযোগিতায় পরিচালিত একটি জরিপের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

জরিপের তথ্য অনুযায়ী, ৮২ দশমিক ৯ শতাংশ ইসরায়েলি মনে করেন, এই সামরিক অভিযান দেশটির দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে আরও দুর্বল করেছে। এছাড়া যুদ্ধ ও পরবর্তী চুক্তির সামগ্রিক ফলাফল নিয়ে ৮৬ শতাংশ মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব দেখা গেছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, এই যুদ্ধে ইসরায়েল বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি হুমকি দূর করতে সক্ষম হয়েছে। কিন্তু জরিপে অংশ নেওয়া ৭২ দশমিক ৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর এই দাবির সঙ্গে একমত নন।

একই জরিপে ৮৭ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা মনে করেছেন, ইসরায়েল তার মূল লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে অথবা আংশিকভাবে সফল হয়েছে।

সামরিক অভিযান পরিচালনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ইসরায়েলি। জরিপে অংশ নেওয়া ৫৬ দশমিক ৪ শতাংশ মানুষ জানিয়েছেন, অভিযানের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর ভূমিকা দুর্বল ছিল অথবা তিনি ব্যর্থ হয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকা সত্ত্বেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরুর পক্ষে মত দিয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ ইসরায়েলি।

হিব্রু ইউনিভার্সিটির সহযোগিতায় আগাম ইনস্টিটিউট গত ১৭ থেকে ২০ জুন পর্যন্ত এই জরিপ পরিচালনা করে। এতে ১৭ বছর বা তার বেশি বয়সী ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি অংশ নেন। জরিপ পরিচালনাকারীদের মতে, এটি দেশটির জনসংখ্যার প্রতিনিধিত্বশীল একটি নমুনার ভিত্তিতে করা হয়েছে। ৯৯ শতাংশ নির্ভরযোগ্যতার মাত্রায় এই জরিপের নমুনাগত ত্রুটির হার ২ দশমিক ২ শতাংশ।