ইকুয়েডরকে একাই রুখে দেওয়া কে এই এলয় রোম?


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
ইকুয়েডরকে একাই রুখে দেওয়া কে এই এলয় রোম?

বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে ড্র করে প্রথম পয়েন্ট অর্জন করেছে কুরাসাও। আর এই ঐতিহাসিক সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন দলের অভিজ্ঞ গোলরক্ষক এলয় রোম। পুরো ৯০ মিনিটে তিনি একাই ১৫টি দুর্দান্ত সেভ করে ইকুয়েডরের আক্রমণ ভেস্তে দেন, ফলে দলটি ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আদায় করতে সক্ষম হয়।

নেদারল্যান্ডসের নিমেগেন শহরে জন্ম নেওয়া এলয় রোম বেড়ে ওঠেন ডাচ ফুটবলের পরিচিত পরিবেশে। মাত্র ১৩ বছর বয়সে তিনি যোগ দেন জনপ্রিয় ক্লাব ভিতেসের একাডেমিতে। সেখান থেকেই প্রতিভার স্বাক্ষর রেখে ২০০৮-০৯ মৌসুমে মূল দলে অভিষেক ঘটে তার।

ভিতেসের হয়ে দীর্ঘ ১৫ মৌসুমে তিনি ১৩০টির বেশি ম্যাচ খেলেন এবং ২০১৬-১৭ মৌসুমে ক্লাবটিকে ঐতিহাসিক কেএনভিবি কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর ২০১৭ সালে তিনি যোগ দেন ডাচ জায়ান্ট পিএসভি আইন্দহোভেনে, যেখানে লিগ শিরোপাও জেতেন।

আন্তর্জাতিক ফুটবলে ডাচ যুব দল অনূর্ধ্ব-২০-এর হয়ে খেললেও ২০১৫ সালে শিকড়ের টানে তিনি কুরাসাও জাতীয় দলকে বেছে নেন। এখন পর্যন্ত দেশের হয়ে ৭২টি ম্যাচ খেলে তিনি কুরাসাওয়ের সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলারদের একজন।

২০১৭ সালে কুরাসাওকে ক্যারিবীয় কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন রোম এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে ‘গোল্ডেন গ্লাভস’ও জেতেন তিনি।

ক্লাব ফুটবলেও সফল এই গোলরক্ষক ২০১৯ সালে মেজর লিগ সকারের কলম্বাস ক্রুতে যোগ দেন এবং ২০২০ সালে দলকে এমএলএস কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউএসএল চ্যাম্পিয়নশিপের ক্লাব মিয়ামি এফসির হয়ে খেলছেন।

অভিজ্ঞতা, ধারাবাহিক পারফরম্যান্স এবং চাপের মুহূর্তে অসাধারণ সেভ—সব মিলিয়ে এলয় রোম এখন কুরাসাও ফুটবলের অন্যতম বড় ভরসার নাম।