আশুলিয়ায় পুলিশের তিন অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার


স্টাফ রিপোর্টার, নাসিম খান প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
আশুলিয়ায় পুলিশের তিন অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত ও অপরাধ দমনের অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে এসআই মিরাজ আকনের নেতৃত্বে নিরিবিলি হাউজিং স্বপ্ন বিলাস এলাকার সামনে থেকে মোঃ বাদশা মিয়া ও মোঃ হাসান আলীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

দ্বিতীয় অভিযানে এসআই ফাহিমের নেতৃত্বে দুর্গাপুর এলাকার বটগাছের নিচ থেকে মোঃ সোহেল রানা ও মোঃ জুয়েল রানাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, চারাবাগ পশ্চিম পাড়া এলাকায় এসআই মাহবুব উল্লাহ সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ বিল্লাল শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) জানান, মাদকমুক্ত সমাজ গঠন, সন্ত্রাস দমন ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।