
“সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) ও অসহায় মানুষের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করেছে ‘প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’। শনিবার (২০ জুন) শহরের লেকভিউ তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের পদ্মা হলরুমে এ মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সামাজিক দায়িত্ব।
আয়োজকরা জানান, সুবর্ণ নাগরিকদের কল্যাণ ও সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুজ্জামান সাহেদ, উপদেষ্টা এস এম মহাসিন আলম, শফিকুল আলম (বাবু), কোষাধ্যক্ষ বাইজিদ হাসান এবং স্বেচ্ছাসেবক মোঃ রাহাতুল ইসলাম বাপ্পা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এস.এম বিপ্লব হোসেন, আবু জাফর (ইকবাল), মোঃ মোকাররাম বিল্লাহ ইমনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থী ও সুবর্ণ নাগরিকরা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :