শ্যামনগরে গণসংহতি আন্দোলনের উপজেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা 


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
শ্যামনগরে গণসংহতি আন্দোলনের উপজেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকি বাজার সংলগ্ন একটি হলরুমে গণসংহতি আন্দোলনের উপজেলা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় আয়োজিত এ সভায় দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দীপক রায়। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক ও জাতীয় পরিষদের সদস্য প্রভাষক মো. মামুনুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আলফাত হোসেন এবং সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের সাধারণ সম্পাদক মো. আবু ইছা। বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট শ্যামনগর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক জিএম মাহফুজ, সদস্য সচিব মো. মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ দায়িত্ব পান।

শেষে নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।