যুক্তরাজ্যে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, হতাহত অন্তত ৯০


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
যুক্তরাজ্যে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, হতাহত অন্তত ৯০

ইংল্যান্ডের রাজধানী লন্ডনের উপকণ্ঠে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রেনের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রেনে থাকা অন্তত ৮৯ জন যাত্রী গুরুতর ও আংশিক আহত হয়েছেন। সব মিলিয়ে এ ঘটনায় হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৯০ জনে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে লন্ডন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে বেডফোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শনিবার (২০ জুন) আন্তর্জাতিক বার্তাসংস্থা এপির প্রতিবেদনের বরাতে এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

রেল ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। কর্বি থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে ছেড়ে আসা একটি ট্রেন এবং নটিংহাম থেকে বিকেল ৩টা ৫০ মিনিটে যাত্রা শুরু করা আরেকটি ট্রেন লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। বেডফোর্ড শহরের বাইরে দুটি ট্রেনের মধ্যে তীব্র সংঘর্ষ হলে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ‘মেজর ইনসিডেন্ট’ বা বড় ধরনের জরুরি অবস্থা ঘোষণা করে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের বিশেষ দল, বিমান অ্যাম্বুলেন্স, বেডফোর্ডশায়ার পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া ২২ জন গুরুতর আহত হয়েছেন এবং ৫৬ জন সামান্য আঘাত পেয়েছেন। রেলকর্মীদের সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (আরএমটি)–এর সাধারণ সম্পাদক এডি ডেম্পসি নিশ্চিত করেছেন, নিহত ব্যক্তি একজন ট্রেন চালক।

দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে পেছনের ট্রেনের এক যাত্রী পিটার ন্যাপ জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ সংঘর্ষ ঘটে। তিনি বলেন, মুহূর্তের মধ্যে তিনি সামনের আসনে ছিটকে পড়েন। পরে ট্রেনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। তিনি আরও জানান, ট্রেন থেকে বের হওয়ার পর অনেক যাত্রীকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়। অনেকের পা ভেঙে গিয়েছিল এবং অনেকে এতটাই ভয় পেয়েছিলেন যে কথা বলতেও পারছিলেন না।

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, জরুরি উদ্ধারকারী গাড়ির পাশে আহত ও রক্তাক্ত যাত্রীরা বসে আছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আরএমটি ইউনিয়ন। সংগঠনটি ট্রেনের কর্মী ও যাত্রীদের এমন হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার পর শুক্রবার সেন্ট প্যানক্রাস স্টেশন থেকে আসা-যাওয়া সব ট্রেন চলাচল বাতিল করা হয়। শনিবারের ট্রেন সূচি পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হবে।