যশোরে ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার


যশোর প্রতিনিধি, মুর্শিদুল আজিম হিরু প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
যশোরে ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে আনিস (৩৬)।

শনিবার (২০ জুন ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুর ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে বিশেষ একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করলে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।

উদ্ধার করা স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা বলে জানায় বিজিবি। এছাড়া জব্দ করা হয়েছে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং নগদ অর্থ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল।

বিজিবির অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিদের এবং জব্দকৃত স্বর্ণ যশোর কোতোয়ালি থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।