মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই আবহে ভিন্নভাবে নিজের ফুটবলপ্রেম প্রকাশ করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কনেও নিজের দক্ষতার পরিচয় দিয়ে এবার তিনি এঁকেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির প্রতিকৃতি।

শনিবার (২০ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসির একটি স্কেচ শেয়ার করেন চঞ্চল চৌধুরী। সাদা-কালো আঁচড়ে ফুটিয়ে তোলা ওই প্রতিকৃতিতে মেসির চেনা হাসি, দাড়ি, চুল এবং চোখের অভিব্যক্তি নিখুঁতভাবে তুলে ধরেন তিনি।

ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে অভিনেতা লেখেন, “আমি মেসির একটা ছবি আঁকব এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।”

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনেতার বহুমাত্রিক প্রতিভার প্রশংসা করেন। অনেকেই লিখেছেন, চঞ্চল চৌধুরী শুধু অভিনয়েই নন, চিত্রশিল্পেও সমান দক্ষ। কেউ কেউ আবার মন্তব্য করেন, “মেসি যেমন ফুটবলের জাদুকর, চঞ্চল চৌধুরী তেমন অভিনয়ের জাদুকর।”

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশে বরাবরের মতো এবারও ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। দেশের শোবিজ তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পছন্দের দল ও খেলোয়াড়দের নিয়ে নানা পোস্ট করছেন। তবে চঞ্চল চৌধুরীর এই উদ্যোগ ভক্তদের কাছে আলাদা মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি গান ও চিত্রাঙ্কনেও আগ্রহী চঞ্চল চৌধুরী নিয়মিত বিভিন্ন গুণীজন ও তারকার প্রতিকৃতি এঁকে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এর আগে তিনি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, অভিনেতা তারিক আনাম খান, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, নির্মাতা সালাহউদ্দিন লাভলু, পরিচালক রায়হান রাফী, অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং টালিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি এঁকে প্রশংসা কুড়িয়েছেন।

মেসির প্রতিকৃতি আঁকার মাধ্যমে আবারও নিজের সৃজনশীলতার নতুন দিক তুলে ধরলেন জনপ্রিয় এই অভিনেতা।