
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্পের বক্তব্যকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।
শুক্রবার (১৯ জুন) তাজানি জানান, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার বৈঠকের কথা ছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ইতালি-যুক্তরাষ্ট্র ব্যবসা, বিনিয়োগ, বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনাও ছিল। তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে শেষ পর্যন্ত সফর বাতিল করেন তিনি।
ইতালির সংবাদমাধ্যম লা৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। ট্রাম্প বলেন, মেলোনির প্রতি সহানুভূতি দেখিয়েই তিনি তার সঙ্গে ছবি তুলেছিলেন। ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন একজন মিত্র দেশের নেতার সঙ্গে এ ধরনের মন্তব্য করছেন।
মেলোনি আরও বলেন, ইতালি বা তিনি কখনো কারও কাছে কোনো কিছু পাওয়ার জন্য অনুরোধ করেন না। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর শত্রুদের বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। এদিকে সফর বাতিলের আগে তাজানির যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এসব কর্মসূচি বাতিল করা হয়েছে।
ঘটনার পর ট্রাম্প আবারও মেলোনির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ইরান যুদ্ধের সময় মিত্র দেশগুলোর মতো ইতালিও যথেষ্ট সহযোগিতা করেনি। ট্রাম্প ও মেলোনির সম্পর্ক এর আগে বেশ কয়েকবার আলোচনায় এসেছে। অভিবাসন নীতি, জাতীয় স্বার্থ ও কিছু আন্তর্জাতিক বিষয়ে দুই নেতার মধ্যে মতের মিল থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে দূরত্ব বাড়ছে।
বিশ্লেষকদের মতে, মেলোনিকে ইউরোপে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হলেও ইরান যুদ্ধসহ আন্তর্জাতিক নানা বিষয়ে মতপার্থক্য দুই দেশের সম্পর্কের ওপর নতুন চাপ তৈরি করছে।
আপনার মতামত লিখুন :