ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কী করা যাবে, জানালো মার্কিন দূতাবাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কী করা যাবে, জানালো মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা ব্যবহার করে কোন ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসার নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে চলার জন্য ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২০ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলা সম্পূর্ণভাবে ভিসাধারীর নিজস্ব দায়িত্ব। ভিসার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যক্রম পরিচালনা করা না হলে ভবিষ্যতে ভিসা সংক্রান্ত জটিলতার মুখোমুখি হতে পারেন ভিসাধারীরা।

মার্কিন দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে পর্যটন, অবকাশ যাপন, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক করা এবং বিভিন্ন সভা, সম্মেলন বা পেশাগত অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

তবে ভিজিটর ভিসার নির্ধারিত উদ্দেশ্যের বাইরে গিয়ে কোনো ধরনের কাজ বা কার্যক্রমে যুক্ত হওয়া যাবে না। এ ধরনের কর্মকাণ্ড ভিসার শর্ত ভঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণ বা ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

মার্কিন দূতাবাস ভিসাধারীদের নিজেদের ভিসার ধরন, শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে ভালোভাবে জানার পরামর্শ দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় দেশটির আইন ও অভিবাসন নীতিমালা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উল্লেখ্য, বি১/বি২ ভিসা সাধারণত যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণ, পর্যটন ও নির্দিষ্ট ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে। এই ভিসার মাধ্যমে স্থায়ীভাবে বসবাস, চাকরি বা অনুমোদন ছাড়া অন্য কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।